সাভার-আশুলিয়ায় ইয়াবা, হেরোইন ও গুলিসহ আটক ৪

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫০ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ চারজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মো. দিলদার মিয়া (৩৫) ও মো. সুমন তালুকদারকে (২৮) আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

অপর এক অভিযানে ধামরাই থানার বালিথা এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী মো. মাসুম মিয়া ওরফে মাজুকে (২৪) ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এছাড়া আশুলিয়া থানার নবীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী জান্নাত হোসেন সোহাগকে (২৯) আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটক দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।