ঋণ পরিশোধ করতে চালককে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক আতাউর রহমানকে (৬০) লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাওনা টাকার চাপ সামলাতে না পেরে পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

রোববার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-কাপাসিয়ার চালার বাজার এলাকার রাজীব খান ও নরোত্তমপুর গ্রামের বাসিন্দা নকিবুল হাসান রাকিব। 

জানা গেছে, গত ২০ আগস্ট বিকেলে কাপাসিয়ার মির্জানগর এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন চালক আতাউর রহমান। যাত্রাপথে দুষ্কৃতকারীরা তাকে কৌশলে দক্ষিণগাঁও মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে হাতুড়ি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। 

ঘটনার পর তদন্তে নেমে পিবিআই গত ২১ আগস্ট রাতে কাপাসিয়ার চালার বাজার ও নরোত্তমপুর এলাকায় অভিযান চালিয়ে রাজীব খান ও নকিবুল হাসান ওরফে রাকিবকে গ্রেপ্তার করে।

পরে গ্রেপ্তার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ২২ আগস্ট নরসিংদীর মনোহরদী এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার জানান, গ্রেপ্তার দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঋণের দায়ে অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা থেকেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের জবানবন্দিতে উঠে এসেছে। তাদের সাথে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।