রদ্রিকে বার্সেলোনার কাছে হারানোর পর মাঝমাঠ নতুন করে সাজানোর পরিকল্পনায় মরক্কোর ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব লিলের সঙ্গে প্রায় ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে তাকে নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
সাম্প্রতিক বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর ইউরোপের একাধিক বড় ক্লাবের আগ্রহ থাকলেও শেষ পর্যন্ত তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে গেছে সিটি।
লিলের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলার পর বুয়াদ্দির দলবদলের বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানা গেছে। মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে শিগগিরই ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের। সবকিছু পরিকল্পনামতো এগোলে ইতিহাদে যোগ দেবেন তিনি।
সিটির মাঝমাঠ পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবেই বুয়াদ্দিকে দলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রদ্রি বার্সেলোনায় চলে যাওয়ার পাশাপাশি তিজানি রেইনদার্সও আল-কাদসিয়াহতে যোগ দিয়েছেন। দুই মিডফিল্ডারের বিদায়ের পর মাঝমাঠে নতুন শক্তি যোগ করার প্রয়োজনীয়তা দেখা দেয় ইংলিশ ক্লাবটির।
সাম্প্রতিক বিশ্বকাপে মরক্কোর হয়ে দারুণ পারফরম্যান্স করেন বুয়াদ্দি। দলকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পথে তিনি ছিলেন মরক্কোর অন্যতম আলোচিত খেলোয়াড়। শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মরক্কো।
এলিয়ট অ্যান্ডারসনের সঙ্গে এবার ম্যানচেস্টার সিটির নতুন মাঝমাঠের গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন বুয়াদ্দি। তরুণ এই মরক্কান মিডফিল্ডারকে ঘিরে ভবিষ্যতের মাঝমাঠ গড়ার পরিকল্পনাও রয়েছে সিটির।
এদিকে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকেও দলে নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে তার জন্য চেলসির চাওয়া ১২ কোটি পাউন্ডের মূল্য নিয়ে এখনো দুই ক্লাবের মধ্যে কোনো সমঝোতা হয়নি।