কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএডিসির এক সার ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিকে সোমবার (২৪ আগস্ট) তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ।
এর আগে রোববার সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি সার ডিলারের গুদাম ভেঙে স্থানীয় কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যান। ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা।
ইউএনও অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১৯০ বস্তা সারের মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সার ডিলারকে থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে।