সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং দ্বিপাক্ষিক উত্তেজনা কমানোর বৈঠকের মাত্র একদিন পরেই দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
সোমবার (২৪ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার আলইখবারিয়া টিভি জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী একাধিক সামরিক যান নিয়ে পশ্চিম দারা গ্রামের মারিয়া এলাকায় প্রবেশ করে। এর আগে রোববারও দেশটির কুনেইত্রা প্রদেশের আল-রাফিদ শহরে ঢুকে এক রাখালকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারা অঞ্চলে প্রতিদিনই প্রায় ইসরায়েলি বাহিনীর তল্লাশি, গ্রেপ্তার ও সামরিক চেকপোস্ট বসানোর ঘটনা ঘটছে। এর আগে ১৮ আগস্ট সিরিয়ার ইদলিবে আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালিয়ে রানওয়ে ক্ষতিগ্রস্ত করেছিল ইসরায়েলি বাহিনী।
অথচ রোববারই জর্ডানে মার্কিন মধ্যস্থতায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও ইসরায়েলি প্রতিনিধিদলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক কূটনৈতিক সূত্রের বরাতে জানায়, সিরিয়ার ভূখণ্ডে সাম্প্রতিক ইসরায়েলি হামলা ও সংঘাত কমানোর লক্ষ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল।
এর আগে গত ২৬ জুলাই সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা জানিয়েছিলেন, অন্যান্য দেশের অংশগ্রহণে ইসরায়েলের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে কাজ করছে সিরিয়া।
১৯৬৭ সাল থেকে সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ এলাকা দখল করে রেখেছে ইসরায়েল। ২০২৪ সালের শেষের দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ১৯৭৪ সালের সামরিক চুক্তি বাতিল ঘোষণা করে মাউন্ট হারমনসহ সিরীয় বাফার জোন ও অন্যান্য এলাকা নতুন করে দখল করে নেয় ইসরায়েলি বাহিনী।
সূত্র: আনাদোলু এজেন্সি