জুলাই-অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলকে

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক আবদুল জব্বারকে হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিন নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করে এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক আবদুস সালাম গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। তিনি আদালতকে বলেন, আসামি নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ভুক্তভোগী জব্বার আলীকে হত্যার উদ্দেশ্যে আসামিদের গুলির নির্দেশ প্রদান ও আর্থিক সহায়তা করার সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন। 

২০২৪ সালের ১ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেপ্তার করে নজরুল ইসলাম মজুমদারকে। পরদিন যাত্রাবাড়ী থানার ইমন হোসেন গাজী হত্যা মামলায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ১৮ আগস্ট তাকে গুলশান থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানের শাহাজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার আহত হন। এ ঘটনায় ১১ ডিসেম্বর তিনি নিজেই বাদী হয়ে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়েছে।