ডারউইনে টানা তিন জয়ে বাংলাদেশ এইচপির দুর্দান্ত শুরু

বাংলাদেশ ক্রিকেটের জন্য ডারউইন যেন সৌভাগ্যের শহর হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার এই শহরেই টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় দল। এবার একই ভেন্যুতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ এইচপি একাদশ। টানা তিন ম্যাচ জিতে নয় দলের টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা।

মারারা ওভালে প্রথম ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় এইচপি। এরপর হোবার্ট হারিকেনস একাডেমির বিপক্ষে ৩ উইকেটে জয় পায় তারা। একই মাঠে আজ ভিক্টোরিয়া সিএকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করে এইচপি একাদশ। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পাওয়া একমাত্র দলও তারা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় ভিক্টোরিয়া সিএ। অফ স্পিনার রুবেল ১৫ রানে নেন ৪ উইকেট, বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২৮ রানে ৩ উইকেট। ভিক্টোরিয়া সিএর হয়ে সর্বোচ্চ ৪৯ রান অধিনায়ক স্যাম হার্পারের। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে খেলা উইল সাদারল্যান্ডের ব্যাট থেকে আসে ৩০ রান।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এইচপি একাদশ। প্রথম ওভারেই আউট হন ওপেনার হাবিবুর রহমান। এরপর জিসান আলম ১১, আরিফুল ইসলাম ১৫ ও সাব্বির ৫ রান করে ফিরলে টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যানের কেউই ইনিংস বড় করতে পারেননি।

তাড়া করতে নেমে ৭.২ ওভারে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল এইচপি একাদশ। ইরফান শুক্কুর ও শামীম হোসেনের দুটি ইনিংসে জয়ের পথ বের করে তারা। অধিনায়ক শুক্কুরের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৩, শামীম করেন ৩৩ বলে অপরাজিত ৫১। ৩টি ছক্কা মারেন সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত এই মুখ।