যুক্তরাষ্ট্রের লুসিয়ানা অঙ্গরাজ্যে ‘নেগলেরিয়া ফাউলারি’ নামের বিরল ও প্রাণঘাতী মগজখেকো পরজীবীতে আক্রান্ত হয়ে লিলিয়ান স্মার্ট নামের মাত্র আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্থানীয় হ্রদের পানিতে সাঁতার কাটার সময় শিশুটি এই মরণঘাতী পরজীবীতে আক্রান্ত হয়েছিল।
লুসিয়ানার রাস্টন এলাকার বাসিন্দা লিলিয়ান তার অষ্টম জন্মদিন উদযাপনের কয়েকদিন পরই মারা যায়। রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তায় শিশুটির পরিবার জানিয়েছে, গত রাতে লিলিয়ান আমাদের কোলে আর ফিরে আসেনি। পরজীবীর সংক্রমণে তার মস্তিষ্কের ফোলাভাব ও ক্ষয়ক্ষতি এতটাই মারাত্মক ছিল যে ছোট্ট শরীরটা আর সামলে উঠতে পারেনি।
লুসিয়ানা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাস্টন শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত ক্লেবোর্ন হ্রদে সাঁতার কাটার সময়ই লিলিয়ানের শরীরে এই বিরল পরজীবীটি প্রবেশ করে। ‘নেগলেরিয়া ফাউলারি’ সাধারণত উষ্ণ মিষ্টিপানির জলাশয়—যেমন হ্রদ, নদী বা পুকুরে বাস করে। এটি একটি স্নায়ু আক্রমণকারী পরজীবী। দুর্ঘটনাবশত দূষিত পানি কারও নাকের ভেতর দিয়ে ঢুকে গেলে এই অ্যামিবা স্নায়ুপথ বেয়ে সোজা মস্তিষ্কে পৌঁছে যায় এবং তীব্র সংক্রমণ তৈরি করে।
তবে এই পানি গিলে ফেললে সংক্রমণ হয় না এবং এটি একজন মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়ায় না। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যামিবার সংক্রমণ অত্যন্ত বিরল হলেও প্রায় শতভাগ প্রাণঘাতী। মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৩৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রে মাত্র ১৮০ জন এই বিরল ‘নেগলেরিয়া ফাউলারি’ সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি