৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কিনতে ব্যয় হবে ২ হাজার ৬৯৫ কোটি ১২ লাখ ৬৪ হাজার ৭৭ টাকা। পাশাপাশি দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মুরাই খালের ওপর ভেল্লাপাড়া সেতু নির্মাণেও ব্যয় বাড়ানোর অনুমোদন দিয়েছে কমিটি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত সার কেনার মধ্যে রয়েছে ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ১৫ হাজার টন এমওপি, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

এর মধ্যে সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস থেকে ৪০ হাজার টন ইউরিয়া কেনা হবে। এতে ব্যয় হবে ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। এছাড়া রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি কিনতে ব্যয় হবে ১৬৬ কোটি ৪৩ লাখ টাকা।