টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে শান্তদের সামনে যে সমীকরণ

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস লিখেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শুধু নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা জয়ই তুলে নেয়নি শান্ত বাহিনী, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও নিজেদের অবস্থান শক্ত করেছে। ঐতিহাসিক সেই জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে লাফিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

ডারউইন টেস্টের প্রায় প্রতিটি সেশনেই স্বাগতিকদের ওপর আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে সহজেই তা পেরিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে বাংলাদেশের পয়েন্ট জয়ের হার দাঁড়িয়েছে ৬৬.৬৭ শতাংশ। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে এই অবস্থান তৈরি করেছে তারা। পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে। বাংলাদেশের ওপরে রয়েছে কেবল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলই সরাসরি লর্ডসে ফাইনাল খেলার সুযোগ পাবে। ফলে চতুর্থ স্থানে উঠে আসার পর বাংলাদেশের সামনে এখন নতুন স্বপ্ন-প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা। এই স্বপ্ন দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সরাসরি ফাইনালের কথা না বললেও ম্যাকাই টেস্ট শেষে সংবাদ সম্মেলনে নিজের টেস্ট ক্রিকেটের স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি। 

শান্ত বলেন, 'টেস্ট ক্রিকেট নিয়ে আমার স্বপ্নের কথা বললে কেউ বিশ্বাস করতে চাইবে না। এটা সিক্রেট থাকুক। যদি কখনো অর্জন করতে পারি, তাহলে বলবো।' এখন সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে সামনে থাকা ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রাখাই বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এখনো একটি টেস্ট বাকি। 

এরপর এই চক্রে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি করে টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। অর্থাৎ সামনে আরও সাতটি টেস্টে নিজেদের অবস্থান ধরে রাখার লড়াই। ফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচগুলো থেকে যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করতে হবে বাংলাদেশকে। বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট জয়ের হার নিয়ে শান্তরা কাঙ্ক্ষিত সীমার আশপাশে রয়েছে। তবে চক্রের শেষ পর্যন্ত এই হার ধরে রাখা সহজ হবে না।