এবার কম খরচে ইরানি ড্রোন ধ্বংসকারী অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র

ইরানি ড্রোন আকাশেই ধ্বংস করতে কম খরচের ইন্টারসেপ্টর তৈরি শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘পাওয়ারআস’। সংযুক্ত আরব আমিরাতের একটি কারখানায় থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে ঘণ্টায় ২০০ মাইল গতিসম্পন্ন এসব ড্রোন ধ্বংসকারী অস্ত্র তৈরি হচ্ছে।

পাওয়ারআসের মুখপাত্র জানান, বিশ্বের বিভিন্ন দেশের কারখানায় বর্তমানে মাসে প্রায় তিন হাজার ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে, যা ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ ১৫ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। প্রথাগত আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র রপ্তানি না করে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উৎপাদন জোরদার করেছে।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে আরব আমিরাতের ওপর ৫০০টির বেশি ব্যালিস্টিক মিসাইল এবং ২ হাজার ২০০টির বেশি ড্রোন হামলা চালানো হয়, যার ফলে ১৫ জন নিহত, শতশত মানুষ আহত, একটি তেল শোধনাগার বন্ধ এবং দুটি আমাজন ডেটা সেন্টার ধ্বংস হয়।

এই পরিস্থিতিতে মার্কিন প্যাট্রিয়ট অস্ত্রের সংকট দেখা দেওয়ায় পাওয়ারআসের তৈরি ‘গার্জিয়ান’ নামের এই ইন্টারসেপ্টরগুলোর চাহিদা বেড়েছে, যা মাত্র পাঁচ হাজার ডলারে লেগোর মতো সহজে জোড়া দেওয়া যায়।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মাইকেল সিনেনস্কি জানান, আমিরাতের কারখানায় দিনে ৩০টি ইন্টারসেপ্টর তৈরি হচ্ছে এবং খুব দ্রুতই তা ১০০টিতে উন্নীত করা হবে। এছাড়া জ্বালানি অবকাঠামো রক্ষায় তারা ২২ মিলিয়ন ডলারের একটি বাণিজ্যিক চুক্তি করেছে এবং ভারতের মুম্বাইয়ের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি স্বাক্ষর করেছে।

ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের মালিকানাধীন বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাওয়ারআস সম্প্রতি একটি গলফ কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত হয়েছে। এছাড়া সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা কিথ কেলগ এই কোম্পানির পরামর্শক বোর্ডে যুক্ত হয়েছেন এবং মার্কিন বিমান বাহিনীর সঙ্গে প্রতিষ্ঠানটি ৯০ মিলিয়ন ডলারের চুক্তিও স্বাক্ষর করেছে।

২০২২ সালে ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে মাইকেল সিনেনস্কি, রোমান ভিনফেল্ড এবং ব্রেট ভেলিকোভিক যৌথভাবে পাওয়ারআস গঠন করেন। তারা ইউক্রেনীয় প্রযুক্তি ও একাধিক প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষার নতুন মডেল তৈরি করেন। সেন্টারের গবেষণা কর্মকর্তা স্ট্যাসি পেটিজন ও আলবার্ট ভিডালের মতে, এসব সাধারণ অস্ত্র মূল মিসাইল ব্যবস্থার বিকল্প না হলেও সাশ্রয়ী মূল্যে ইরানি ড্রোনের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রতিরক্ষা দেবে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস