দেড় দিনে শেষ হওয়া ম্যাকাইয়ের পিচ পাচ্ছে ‘খুব ভালো’ স্বীকৃতি

মাত্র দেড় দিনেই শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচে ১২৫ ওভারে পড়েছে ৩০ উইকেট। যেখানে ব্যাটারদের দাঁড়ানোয় কঠিন হয়েছিল। সেই পিচই পেতে যাচ্ছে ‘সর্বোচ্চ মানের’ স্বীকৃতি।

টেস্ট ক্রিকেটে পিচের জন্য চার ধরনের গ্রেড রয়েছে। এর মধ্যে ‘ভেরি গুড’ সর্বোচ্চ গ্রেড। এমন পিচের বৈশিষ্ট্য হলো, ম্যাচের শুরুতে ভালো ক্যারি, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স। অর্থাৎ ব্যাটার ও বোলার দুপক্ষের জন্যই লড়াইয়ের সুযোগ থাকবে।

সেভেন ক্রিকেটের প্রধান ক্রিকেট প্রতিবেদক টম মরিস জানিয়েছেন, ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন মেকাইয়ের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ গ্রেড দেওয়ার সুপারিশ করতে যাচ্ছেন। তবে এই মূল্যায়ন চূড়ান্ত হতে হলে আইসিসির অনুমোদন প্রয়োজন।

ম্যাকাইয়ে পিচে ব্যাটারদের জন্য লড়াইটা ছিল বেশ কঠিন। অভিষেক টেস্টের প্রথম দিনেই পড়েছিল ১৮ উইকেট। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়াও ১৬৫ রান তুলতেই হারায় ৮ উইকেট।

দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট এবং বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয় দ্রুতই। বাংলাদেশ গুটিয়ে যায় ৯৫ রানে। ফলে ইনিংস ও ৫১ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে অস্ট্রেলিয়া। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

ম্যাচ শেষে তাই পিচ নিয়ে তৈরি হয়েছিল দুই রকমের মত। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স উইকেটকে ‘খুব ভালো’ বললেও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখে ছিল ভিন্ন ছবি। তিনি এমন কঠিন উইকেটকে মনে রাখতে বলেছেন।