আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগ এনে দীর্ঘ বিচার কার্যক্রম চলছে। সেখানেই এক বিস্ময়কর ভুল হয়েছে। ম্যারাডোনার মৃত্যুর বিচার চলাকালে আদালতে জমা দেওয়া মেডিকেল পরীক্ষার প্রতিবেদনগুলো ছিল তার বাবার। আর্জেন্টিনার একটি স্বাস্থ্যবিমা কোম্পানি এই ভুল স্বীকার করেছে। ম্যারাডোনার বাবার নামও ছিল ডিয়েগো।
সোমবার (২৪ আগস্ট) বার্তা সংস্থা এএফপির হাতে আসা একটি চিঠিতে ‘সুইস মেডিক্যাল’ স্বীকার করেছে যে ম্যারাডোনার মৃত্যুর কারণ তদন্তকারী মেডিক্যাল কমিশনের কাছে যে পরীক্ষাগুলোর প্রতিবেদন তারা সরবরাহ করেছিল, সেগুলো ভুলবশত ‘ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা’র নামে নথিভুক্ত ছিল। অথচ ওই প্রতিবেদনগুলো ছিল তার প্রয়াত বাবা ডিয়েগো সালুস্তিয়ানো ম্যারাডোনার।
২০১৫ সালে সালুস্তিয়ানো ম্যারাডোনা মারা যান। এর ৫ বছর পর ২০২০ সালে ৬০ বছর বয়সে মারা যান তার ছেলে এবং ১৯৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা। তার মৃত্যুর ঘটনায় বিচারপ্রক্রিয়ার মুখে পড়া সাত স্বাস্থ্যকর্মীর মধ্যে একজনের আইনজীবীর নজরে এই ভুল ধরা পড়ে গত সপ্তাহে।
মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ২০২০ সালের নভেম্বরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে এবং অ্যাকিউট পালমোনারি এডিমা (ফুসফুসে পানি জমে যাওয়ার একটি অবস্থা) রোগে আক্রান্ত হয়ে মারা যান। চলমান বিচারকার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে।