টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের উন্নতি চোখে পড়ার মতো। দেশে ও বাইরে একের পর এক জয় পাচ্ছে টাইগাররা। ২৩ বছর পর অস্ট্রেলিয়াতে খেলতে গিয়ে স্বাগতিকদের হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সামনে আছে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানেও বাংলাদেশ দল ভালো করবে বলে বিশ্বাস সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের।
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ সেশনে দাপট দেখিয়ে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এশিয়ার যে কোনো দেশ হিসেবে দ্রুততম সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের ইতিহাস তারা গড়েছিল। ডি ভিলিয়ার্সের মতে অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচের পারফরম্যান্স প্রমাণ করেছে বাংলাদেশ দেশের বাইরেও শক্তিশালী দলগুলোকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখে।
এক পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে। সফরের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি হলো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচে পড়ে সুইংই শুধু করে না, পাশাপাশি সিম মুভমেন্টও করে। খুব বেশি খেলোয়াড় এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নন। এর সামাল দেওয়া সত্যিই বেশ কঠিন।’
নিজের অভিজ্ঞতা থেকে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক মনে করেন, এমন কন্ডিশনে শুধু উইকেট আঁকড়ে পড়ে থাকলে হবে না। ব্যাটারদের পরিস্থিতি বুঝে কৌশল বদলাতে হবে। তিনি আরও বলেন, ‘আমার নিজের কথা যদি বলি, এর সামাল দেওয়ার জন্য আমার কিছু কৌশল ছিল। কখনো ক্রিজ ছেড়ে সামনে বেরিয়ে আসতাম, কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে রাখতাম, আবার কখনো স্টাম্প উন্মুক্ত করে খেলতাম, যেভাবে আমি পরিস্থিতি বুঝতাম।’
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট শুরু ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।