হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট ৯৪৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৪৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

এদিকে একই সময়ে দেশে নতুন করে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

এ ছাড়া গত এক দিনে আরও ৯৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গযুক্ত বা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন।