ইঞ্জিন বিকল, বঙ্গোপসাগরে তিন দিন ভাসার পর উদ্ধার ১৬ জেলে

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা মৎস্য বোট ‘এফবি আল আমিন’ এবং এর ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে টহলকালে নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার বিষয়ে তথ্য পায়। এ প্রেক্ষিতে নৌবাহিনীর জাহাজটি রাতের আঁধারেই উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেই মৎস্য বোটটিকে মোংলা ফেয়ারওয়ের সন্নিকটে শনাক্ত করে। তাৎক্ষণিক নৌবাহিনী জাহাজ ঘটনাস্থলে পৌঁছায় এবং ১৬ জেলেসহ ইঞ্জিন বিকল হয়ে ভাসমান মৎস্য বোট ‘এফবি আল আমিন’কে উদ্ধার করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। 

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে নৌবাহিনী জানায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জেলে মাছ ধরতে ‘এফবি আল আমিন’ নিয়ে সাগরে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন।

পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে নৌবাহিনীর জাহাজটি বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিয়ে যায়। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনী সূত্রে জানা যায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার কাজও করে নৌবাহিনী।

উল্লেখ্য, সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়া নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।