সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. তমাল সরকারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে রায়গঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনায় টানা ৩৮ ঘণ্টার অভিযানে মামলার ১ নম্বর আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, তমাল সরকারকে গ্রেপ্তারের সময় রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।
তবে তমাল সরকারের পরিবারের দাবি, তিনি রায়গঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য। থানায় আত্মসমর্পণের জন্য যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগে গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ওই রাতেই রায়গঞ্জ থানায় মামলা করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।