গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেকে জীবিত উদ্ধার করলো কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, ২৩ আগস্ট রাত ৮টার দিকে ১২ জন জেলেকে নিয়ে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিল। এ সময় হঠাৎ বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সাগরে ভাসমান অবস্থায় পড়ে বিপাকে পড়েন বোটে থাকা জেলেরা।

পরে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক জেলে বোটের মালিককে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহযোগিতা চান।

তথ্য পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন দুবলা থেকে উদ্ধারকারী দল অভিযান শুরু করে। অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটটি শনাক্ত করার পর এর ১২ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় খাবারও সরবরাহ করা হয়েছে। বর্তমানে উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, সমুদ্রে বিপদে পড়া জেলেদের জরুরি সহায়তা দিতে কোস্ট গার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।