বিহারের রাজধানী পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী ও শিক্ষার্থী। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।
বিহার লোকসেবা কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ পর্যায়ের পরীক্ষার্থীসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা এদিন গান্ধী ময়দান থেকে মিছিল শুরু করেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী মিছিলটি ডাকবাংলো মোড়ের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়।
মিছিলকারীদের অনেকের হাতে জাতীয় পতাকা ছিল। ডাকবাংলো মোড়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। পরে আন্দোলনকারীদের একটি অংশ পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে।
শিক্ষক নিয়োগের চতুর্থ পর্যায়ের পরীক্ষা ঘিরে কয়েক সপ্তাহ ধরে পাটনার গর্দানিবাগ এলাকায় আন্দোলন করে আসছেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে একস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিহার কর্মী নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন করা। পাশাপাশি হিন্দি মাধ্যমে পড়াশোনা করা প্রার্থীদের সমান সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপে অনিয়ম ও অস্পষ্টতার কারণে অনেক প্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিহার লোকসেবা কমিশনের ৭০তম পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ তুলে তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। প্রয়োজন হলে ওই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিও রয়েছে তাদের।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হতে পারেন। এ কারণে সরকারকে দ্রুত তাদের দাবিগুলো নিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল যাওয়ার পথে পুলিশের বাধা এবং পরে জলকামান ব্যবহারের ঘটনায় পাটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর শহরের বিভিন্ন এলাকায় চাঞ্চল্য ছিল।