১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল শুরু হয়।

এর আগে সকালে শ্রমিককে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনাল ও আশপাশের এলাকায় আটকা পড়েন অনেক যাত্রী। গন্তব্যে যেতে অনেকে বিকল্প যানবাহনের খোঁজ করেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

শ্রমিকেরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ বিভিন্ন ধরনের থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি দীর্ঘদিনের। এ নিয়ে তারা আগে থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছেন। একই দাবিতে এর আগেও বরিশালে বাস চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন।

অবরোধ প্রত্যাহারের পর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও স্বাভাবিক হতে শুরু করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।