সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করে ভারতের পুলিশে দিলো বিএসএফ

ফেনীর পরশুরাম উপজেলার আমজাদনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর মো. সুজন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাকে ভারতের বিলোনিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুপুরে সুজন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের উত্তর কোলাপাড়ার বিপরীতে ভারতের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় যান। পরে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটাতারের বেড়া পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন।

এ সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে সুজনের স্ত্রী আয়েশা আক্তার এ অভিযোগের বিষয়ে ভিন্ন দাবি করেছেন।

আয়েশার দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য দুপুরে সীমান্ত এলাকায় গিয়েছিলেন তার স্বামী। ভারতের কয়েকজনের সঙ্গে সুজনের পূর্বশত্রুতা রয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ওই ব্যক্তিরাই সুজনকে বিএসএফের হাতে ধরিয়ে দিয়েছেন।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সুজনকে সীমান্তের ওপারে মাদকসহ আটক করা হয়েছে। বিষয়টি সম্পর্কে বিজিবি অবগত রয়েছে।