কুড়িগ্রামে ধানের জমি থেকে খণ্ডিত পা উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধানের জমি থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশের ধানের জমিতে খণ্ডিত পা পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী বিষয়টি স্থানীয়দের জানান। পরে ঘটনাটি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে খণ্ডিত পাটি উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিন পড়ে থাকতে দেখা গেছে। তাদের ধারণা, কেউ সড়ক দিয়ে যাওয়ার সময় খণ্ডিত পা সেখানে ফেলে যেতে পারে। তবে কখন বা কে এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে বা কার মাধ্যমে এটি সেখানে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।