ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া

চার বছর পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে গানের তালে দর্শকদের মাতিয়েছিলেন আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় এই গায়িকা। এবার দ্বিতীয়বারের মতো দেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান তারকা।

এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তার জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকরা। রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত।

২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি ওটিলিয়া ব্রুমাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটির সাফল্যের পর ইউরোপের সীমানা ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর তার কণ্ঠে আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এবার ঢাকার মঞ্চে বৈশ্বিক সংগীতাঙ্গনে পরিচিত এই শিল্পীর কণ্ঠে কোন কোন গান শোনা যাবে, তা নিয়েই আগ্রহ তৈরি হয়েছে।