নেত্রকোনার কেন্দুয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘ চার বছর ধরে ব্ল্যাকমেল করে জোরপূর্বক অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে আবু মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে কিশোরী যখন ষষ্ঠ শ্রেণিতে পড়ত, তখন তার এক নিকটাত্মীয় তাকে যৌন নির্যাতন করে কৌশলে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয়। এ কার্যক্রমে একটি সংঘবদ্ধ চক্র যুক্ত ছিল বলে অভিযোগ পরিবারের।
সম্প্রতি কিশোরী এসব কর্মকাণ্ডে আর যুক্ত হতে অস্বীকৃতি জানালে ধারণকৃত সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কিশোরী ও তার বাবাকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছিল। শারীরিক ও মানসিক শোষণের শিকার হয়ে কিশোরী বর্তমানে অন্তঃসত্ত্বা হলেও গর্ভজাত সন্তানের দায় নিতে কেউ রাজি হচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে কেন্দুয়া থানা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কেন্দুয়া পৌরসভার সাউধপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আবু মিয়াকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগীর শারীরিক ও মানসিক সুরক্ষাসহ ঘটনার স্পর্শকাতরতার কারণে কিশোরীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর ওপর এমন যৌন নিপীড়ন ও শোষণে জড়িত সব অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন মহল।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মামলার পরপরই অভিযান চালিয়ে সাউধপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।