কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক সেবনের অপরাধে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা-মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয়রা তাকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করেন। পরে বিষয়টি তার বাবা-মাকে জানানো হলে তাদের সম্মতিতে রহিদুলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সর্বশেষ বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রহিদুল ইসলাম (২৫)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গজেরকুটি এলাকার মাছ বিক্রেতা হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রহিদুল দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত। মাদক সেবন করে তিনি প্রায়ই বাড়িতে বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন। মাদক কেনার টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি এবং স্থানীয়দের সঙ্গেও অসদাচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তারের কার্যালয়ে নিয়ে যায়।
সেখানে তার কাছ থেকে চার পিস ট্যাপেন্টাডল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয় বাসিন্দা সাজু মিয়া ও রফিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে পড়ায় রহিদুলের আচরণে তার পরিবারসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিলেন। মাদক সেবনের টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন বলেও তারা জানান।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার রোজিনা জানান, আদালতের দণ্ডাদেশের পর বুধবার বিকেলে মাদকাসক্ত রহিদুল ইসলামকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আক্তার বলেন, পরিবারের সদস্য ও স্থানীয়দের উপস্থিতিতে মাদক সেবনের অপরাধে ওই যুবককে ৫০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।