আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কুমিল্লায় উদযাপিত হলো জশনে জুলুছ ঈদ-এ-মিলাদুন্নবী (সা.)

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) মহানবীর আগমন দিবস উপলক্ষে বিভিন্ন দরবার, খানকাহ, মসজিদ, মাদ্রাসা, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নবীপ্রেমিকদের অংশগ্রহণে খণ্ড খণ্ড জুলুস সহকারে বখশীয়া দরবার শরীফের সম্মুখ থেকে রওয়ানা হয়ে কুমিল্লা মহানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দারোগা বাড়ীস্থ শাহ আবদুল্লাহ গাজীপুরী (রহ.)-এর মাজার শরিফে গিয়ে মিলাদ, কিয়াম এবং মোনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত হয়।

অর্ধ লক্ষাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত এই জশনে জুলুসের নেতৃত্ব দেন ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও বখশীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখ্শী, অলিতলা লতিফিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা মুফতি শাহ মুহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি, খানকাহে সোবহানীয় শাহপুর দরবার শরীফের শাহজাদা মুহাম্মদ ইয়াসির আহমেদ সোবহানী, শাহপুর দরবার শরীফের শেখ শাহজাদা গোলাম মুহাম্মদ আব্দুল কাদের কাওকাব, ঘিলাতলা দরবার শরীফের হযরত মাওলানা মুফতি সাকিউল কাওসার, খানকায়ে সোবহানীয় শাহপুর দরবার শরীফের সভাপতি শেখ শাহজাদা মাহবুব ইলাহ আল কাদেরী এবং আওলাদ রেজা শাহ বোগদাদি দরবার শরীফের আলহাজ্ব মুহাম্মদ মনসুর হেলাল মাইজভান্ডারি।