জেলের সঞ্চিত ২২ লাখ টাকা মুহূর্তেই আগুনে পুড়ে ছাই

মাছ বিক্রি করে প্রতিদিনের আয় থেকে দুই-তিন হাজার টাকা একটু একটু করে সঞ্চয় করতেন জেলে মোক্তার উদ্দিন (৫০)। স্বপ্ন ছিল ছোট ছেলে সাইফুল ইসলামকে মালয়েশিয়ায় পাঠাবেন। সেই স্বপ্ন পূরণে পাঁচ-ছয় বছর ধরে কষ্টের টাকা জমিয়েছিলেন তিনি। কিন্তু এক আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে তাঁর প্রায় ২২ লাখ টাকার সঞ্চয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোক্তার উদ্দিনের বসতঘরে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানিয়েছেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে মোক্তারের ঘরের চালের ড্রামে লুকিয়ে রাখা জীবনের সব সঞ্চয় পুড়ে যায়।

স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মোক্তার উদ্দিনের পাঁচটি বসতঘর পুড়ে যায়। ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্রও আগুনে নষ্ট হয়ে যায়। সবচেয়ে বড় ক্ষতি হয় ঘরের চালের ড্রামে রাখা তার দীর্ঘদিনের সঞ্চয়ের।

পুড়ে যাওয়া চালের ড্রাম থেকে পরে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা অর্ধপোড়া অবস্থায় উদ্ধার করা হয়। তবে বাকি টাকা পুরোপুরি পুড়ে গেছে বলে জানান মোক্তার উদ্দিন।

মোক্তার উদ্দিন ছোটবেলা থেকেই মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।

মোক্তার উদ্দিন ছোটবেলা থেকেই মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছেন। নদীই তাঁর কর্মস্থল, আর মাছ ধরাই তাঁর পরিবারের আয়ের প্রধান উৎস। প্রতিদিন দুই-তিন হাজার টাকার মাছ বিক্রি করতেন তিনি। সংসারের প্রয়োজনীয় খরচ মেটানোর পর অবশিষ্ট টাকা অল্প অল্প করে জমাতেন। বড় ছেলে খাইরুলকে আট বছর আগে সৌদি আরবে পাঠিয়েছেন। এবার ছোট ছেলে সাইফুলকে মালয়েশিয়ায় পাঠানোর স্বপ্ন দেখছিলেন।

সেই স্বপ্নের জন্যই এতদিনের সঞ্চয়। চলতি মাসে ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। এর মধ্যে পাশের গ্রামের একটি এনজিও থেকে কিস্তিতে আরো চার লাখ টাকা ঋণ নিয়েছিলেন। বড় ছেলে খাইরুলও প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা করে বাড়িতে পাঠাতেন। সব মিলিয়ে প্রায় ২২ লাখ টাকা জমেছিল তাঁর কাছে।

তবে ব্যাংকে টাকা রাখার অভ্যাস ছিল না মোক্তার উদ্দিনের। সহজ-সরল এই জেলে উপজেলা সদরে খুব একটা যেতেন না। ব্যাংক হিসাব খোলাকেও তিনি ঝামেলার বিষয় মনে করতেন। ফলে বছরের পর বছর কষ্ট করে জমানো টাকা ঘরের চালের ড্রামেই লুকিয়ে রেখেছিলেন।

মোক্তার উদ্দিন বলেন, ‘আমি অনেক কষ্ট করে হাজার টাকা থেকে লক্ষ টাকার বান্ডিল বানিয়ে চালের ড্রামে রাখতাম। ভোরে নদীতে গিয়ে রাতে বাড়ি ফিরতাম। আবার কোনো দিন সন্ধ্যায় নদীতে গিয়ে সকালে বাড়ি ফিরতাম। এভাবে প্রতিদিন দুই-তিন হাজার টাকার মাছ বিক্রি করে আয় হতো। কষ্টের এই টাকা নষ্ট হওয়ায় আমি দিশেহারা। কীভাবে আমার ছেলেকে মালয়েশিয়া পাঠাব, এখন বুঝতেছি না।’

গ্রামের বাসিন্দা ফজলু রহমান বলেন, মোক্তার উদ্দিন খুবই সহজ-সরল মানুষ। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজে তাঁর তেমন মনোযোগ নেই। কয়েক মাসে একবারও উপজেলা সদরে যান না। তাঁর কোনো ব্যাংক হিসাবও নেই। তাই দীর্ঘদিনের কষ্টের উপার্জনের টাকা তিনি ঘরেই জমিয়ে রেখেছিলেন।

স্থানীয়রা জানান, শ্যামপুর মধ্যপাড়া এলাকায় রিয়াজ মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তীব্র আগুন দ্রুত এক ঘর থেকে পাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে উপজেলা সদর থেকে গ্রামটি বিচ্ছিন্ন হওয়ায় ফায়ার সার্ভিসের সেবা পাওয়া যায়নি বলে তারা জানান।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.কে.এম মামুনুর রশিদ বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। তারা মোটামুটি অস্বচ্ছল। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

অর্ধপোড়া অবস্থায় পাওয়া ৪ থেকে ৫ লাখ টাকার বিষয়ে ইউএনও বলেন, টাকা যাচাই-বাছাই করে ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা মোক্তার উদ্দিন। একদিকে আগুনে পুড়ে গেছে তাঁর পাঁচটি ঘর ও সংসারের প্রয়োজনীয় সামগ্রী, অন্যদিকে শেষ হয়ে গেছে ছোট ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্ন পূরণের মূল সম্বল। মেঘনা নদীতে মাছ ধরে বছরের পর বছর যে স্বপ্ন একটু একটু করে গড়ে তুলেছিলেন, মুহূর্তের আগুনে সেই স্বপ্ন এখন প্রায় ছাই হয়ে গেছে।