বিড়ালের আঁচড় বা কামড়ের পর র্যাবিশের টিকা প্রয়োজন হবে কি না, তা নির্ভর করে ক্ষতের গভীরতা ও রক্তপাতের ওপর। এমন ঘটনায় ক্ষতস্থান দ্রুত সাবান ও প্রবহমান পানি দিয়ে পরিষ্কার করা জরুরি বলে জানিয়েছেন চিকিৎসক।
বিড়াল আঁচড় দিলে টিকা নিতে হবে কিনা প্রশ্নের জবাবে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ, সিনিয়র কনসালট্যান্ট ডা. শংকর নারায়ণ দাস বলেন, বিড়ালের আঁচড়ে রক্তপাত হলে জীবাণু শরীরে প্রবেশের ঝুঁকি থাকে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী র্যাবিশের টিকা গ্রহণ করা উচিত।
তবে আঁচড়ের ফলে রক্তপাত না হলে এবং সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে ক্ষতস্থান ভালোভাবে পরিষ্কার করা হলে ঝুঁকি তুলনামূলক কম।
বিড়ালের র্যাবিশ আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও রয়েছে। আক্রান্ত বিড়ালের আচরণে পরিবর্তন দেখা দিতে পারে এবং এটি অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এ ছাড়া ঘন ঘন শ্বাস নেওয়া, মুখ দিয়ে লালা ঝরা এবং গলার স্বরে পরিবর্তন দেখা দিতে পারে।
চিকিৎসক জানান, র্যাবিশে আক্রান্ত বিড়াল সাধারণত দীর্ঘদিন বেঁচে থাকে না। আঁচড় দেওয়ার পর বিড়ালটি ৮ থেকে ১০ দিন সুস্থ ও স্বাভাবিক থাকলে সেটি র্যাবিশে আক্রান্ত ছিল না বলে ধারণা করা যায়। তবে সন্দেহ থাকলে প্রাণীটির অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।