গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন লাগার দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে দেওলিয়াবাড়ী এলাকার ক্লাব মোড়ের একটি গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, সকালে গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও আশপাশের লোকজন আগুনের বিষয়টি টের পান। তারা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।