বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি

বিবাহিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন না করার নির্দেশ দিয়েছে রাজধানীর হলি ক্রস কলেজ। একই সঙ্গে কলেজে পড়াশোনার সময় কোনো শিক্ষার্থী বিয়ে করলে তার ভর্তি বাতিল করে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব শর্ত উল্লেখ করেছে হলি ক্রস কলেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। আর শিক্ষাবর্ষ চলাকালে কোনো শিক্ষার্থীর বিয়ে হলে তাকে টিসি দেওয়া হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিবাহিতদের আবেদন করার প্রয়োজন নাই। সেশন চলাকালীন সময়ে কারও বিয়ে হলে তাকে টি.সি. দেওয়া হবে।’ এছাড়া নিয়মিত ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহারও সম্পূর্ণ নিষিদ্ধ। এসব বিষয়ে কারও আপত্তি থাকলে আবেদন না করার কথাও বলা হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদন নিয়ে নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় এবার শিক্ষার্থী নেবে কলেজটি। এসএসসির ফল এবং লিখিত সিলেকশন টেস্টের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে।

বিজ্ঞান বিভাগে আবেদনের জন্য এসএসসিতে জিপিএ-৫ থাকতে হবে। পাশাপাশি উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ও থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করতে এসএসসিতে জিপিএ ৪ থেকে ৫ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থেকে ৫ প্রয়োজন হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ ৪ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা মানবিক বিভাগে আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ২৫ বা তার বেশি পাওয়া শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদন করার সুযোগ পাবে।

আগামী ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ফি দিতে হবে ৫০০ টাকা। আবেদনকারীদের পরবর্তী সময়ে লিখিত সিলেকশন টেস্টে অংশ নিতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর। পরদিন ১১ সেপ্টেম্বর বিজ্ঞান বিভাগের পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১টার পর।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৭০টি আসন রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল হয়ে যাবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।