না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি হলিউড অভিনেতা টিম কারি

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা টিম কারি। মঙ্গলবার (২৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের টলুকা লেকে নিজ বাড়িতে ৮০ বছর বয়সে তার মৃত্যু হয়। তার দীর্ঘদিনের ম্যানেজার ও বন্ধু মার্সিয়া হারউইটজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম বিবিসি থেকে জানা যায়, ১৯৪৬ সালে ইংল্যান্ডের ওয়ারিংটনে জন্ম নেয়া টিম কারি পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় করেছেন। তবে দর্শকের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত ১৯৭৫ সালের কালজয়ী মিউজিক্যাল সিনেমা ‘দ্য রকি হরর পিকচার শো’-এর আলোচিত চরিত্র ফ্র্যাঙ্ক-এন-ফার্টার হিসেবে। এর আগে ১৯৭৩ সালে মঞ্চনাটকেও একই চরিত্রে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেন তিনি।

টিম কারির ক্যারিয়ারের আরেক স্মরণীয় চরিত্র ছিল স্টিফেন কিংয়ের ‘ইট’-এর ১৯৯০ সালের টিভি সংস্করণের ভয়ংকর ক্লাউন পেনিওয়াইজ। এছাড়া ‘অ্যানি’, ‘ক্লু’, ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হোম অ্যালোন টু’, ‘কঙ্গো’, ‘স্ক্যারি মুভি টু’ ও ‘মাপেট ট্রেজার আইল্যান্ড’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।  

মঞ্চেও ছিল তার সমান দাপট। ব্রডওয়ের ‘অ্যামাডিউস’, ‘মাই ফেভারিট ইয়ার’ এবং ‘স্প্যামালট’-এ অভিনয়ের জন্য তিনবার টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন পান তিনি। ২০১২ সালে বড় ধরনের স্ট্রোকের পর হুইলচেয়ারে চলাফেরা করতে হলেও অভিনয় ও ভয়েস অ্যাক্টিং চালিয়ে যান কারি। ২০২৫ সালে প্রকাশ করেন আত্মজীবনী ‘ভ্যাগাবন্ড’।

টিম কারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। অভিনেতা লুক ইভান্স তাকে সাহসী ও অনন্য প্রতিভার অধিকারী হিসেবে স্মরণ করেছেন। বহুমুখী অভিনয়, স্বতন্ত্র কণ্ঠস্বর ও স্মরণীয় চরিত্রের জন্য বিনোদনজগতে দীর্ঘদিন দর্শকের মনে জায়গা করে থাকবেন টিম কারি।