নেপালের বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে সাম্প্রতিক ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, নেপালে পাঠানোর জন্য প্রস্তুত করা ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, মশারি, শুকনো খাবারের প্যাকেট, টর্চ লাইট, বেলচা, স্লিপিং ব্যাগ, ওয়াটার কন্টেইনার ও বডি ব্যাগ।

ভোতি কোশি নদীর পানি বেড়ে যাওয়ায় নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়া এবং সীমান্তের অপর পাশে চীনের তিব্বত প্রদেশে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩৮৪ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণের জরুরি প্রয়োজন মেটাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেপালে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।