ক্রোয়েশিয়ার গোলরক্ষককে দলে ভেড়ালো বার্সেলোনা 

ক্রোয়েশিয়ার গোলরক্ষক দোমিনিক লিভাকোভিচকে দলে ভেড়ালো বার্সেলোনা। তুর্কি ক্লাব ফেনেরবাহচে থেকে ৩১ বছর বয়সী এই গোলরক্ষককে চার বছরের চুক্তিতে নিয়েছে কাতালানরা। চুক্তির মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘দোমিনিক লিভাকোভিচের দলবদল নিয়ে বার্সেলোনা ও ফেনেরবাহচে এসকে সমঝোতায় পৌঁছেছে। ক্রোয়েশিয়ান গোলরক্ষক চার মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ ৩০ জুন ২০৩০ পর্যন্ত।’

দলবদলের আর্থিক বিবরণ বার্সেলোনার বিবৃতিতে জানানো হয়নি। তবে স্প্যানিশ ও ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, দোমিনিক লিভাকোভিচকে দলে ভেড়াতে প্রাথমিকভাবে ২০ লাখ ইউরো খরচ করছে বার্সেলোনা। বিভিন্ন শর্ত আর পারফরম্যান্স বোনাস মিলিয়ে আরও ২০ লাখ ইউরো যুক্ত হতে পারে, যার ফলে সম্পূর্ণ চুক্তির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০ লাখ ইউরোতে।

এর মধ্য দিয়ে লা লিগায় আবারও ফিরছেন লিভাকোভিচ। গত মৌসুমের প্রথমার্ধে ফেনেরবাহচে থেকে ধারে জিরোনায় খেলেছিলেন এই ক্রোয়েশিয়ান গোলরক্ষক।