সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন। এ মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল গুমের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশের ধারাবাহিকতায় বৃহস্পতিবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন জানায়, সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় জিয়াউল আহসানের প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে মামলায় গ্রেপ্তার দেখান। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবরের মধ্যে এ ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

চলতি বছরের ১৯ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের ঘটনায় অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। অভিযোগে জিয়াউল আহসানের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়।

অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়া হয়। তখন তার স্ত্রী হাসিনা আহমদ অভিযোগ করেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছেন। ওই সময় সালাহউদ্দিন বিএনপির মুখপাত্রের দায়িত্বে ছিলেন।

পরে একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। সে সময় ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, সালাহউদ্দিন আহমদকে শিলংয়ে আটক করা হয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট ভারত সালাহউদ্দিন আহমদকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস দেয়। পরে ওই বছরের ১১ আগস্ট তিনি দেশে ফেরেন।