সারা দেশে আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

দেশের ৬৪ জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গঠিত সরকারের মন্ত্রিপরিষদ গভীর উদ্বেগের সঙ্গে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে যে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট করা হয়েছে। এসব লুটপাটের অর্থের একাংশ বিদেশে পাচার করা হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। অর্থের অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে।

এ অবস্থায় জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে। সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

দায়িত্ব বণ্টনের তালিকা অনুযায়ী

  • ইকবাল হাসান মাহমুদ—রাজশাহী ও নাটোর
  • ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন—লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
  • আব্দুল আউয়াল মিন্টু—লক্ষ্মীপুর
  • নিতাই রায় চৌধুরী—চুয়াডাঙ্গা
  • খন্দকার আবদুল মুক্তাদির—হবিগঞ্জ
  • আরিফুল হক চৌধুরী—মৌলভীবাজার
  • মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী—চট্টগ্রাম
  • এম রশিদুজ্জামান মিল্লাত—শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
  • আসাদুল হাবিব দুলু—ঠাকুরগাঁও ও দিনাজপুর
  • মো. আসাদুজ্জামান—খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
  • জাকারিয়া তাহের—ফেনী ও নোয়াখালী
  • সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল—মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ
  • সাচিং প্রু—কক্সবাজার
  • মো. শরীফুল আলম—টাঙ্গাইল ও নরসিংদী
  • শামা ওবায়েদ ইসলাম—মাদারীপুর ও শরীয়তপুর
  • অনিন্দ্য ইসলাম অমিত—মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
  • আব্দুল বারী—বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
  • সুলতান সালাহউদ্দিন টুকু—ঢাকা
  • মীর মোহাম্মদ হেলাল উদ্দিন—খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
  • হাবিবুর রশিদ—গাজীপুর ও নারায়ণগঞ্জ
  • মো. রাজীব আহসান—বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
  • মীর শাহে আলম—রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
  • ফারজানা শারমিন—সিরাজগঞ্জ ও পাবনা
  • শেখ ফরিদুল ইসলাম—যশোর, মাগুরা ও নড়াইল
  • ইয়াসের খান চৌধুরী—জামালপুর ও কিশোরগঞ্জ
  • আহমেদ সোহেল মঞ্জুর—বরিশাল, ভোলা ও ঝালকাঠি
  • মোহাম্মদ শামীম কায়সার—জয়পুরহাট ও নওগাঁ
  • আলহাজ মো. জি কে গউস—সিলেট ও সুনামগঞ্জ
  • মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ—রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
  • এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)— ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন তারা। প্রয়োজন হলে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।