আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনও বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনসমূহের দিন এবং সম্ভাব্য ব্যাপ্তি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন— বিরোধীদলীয় নেতা. মো. শফিকুর রহমান, বিএনপির সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, এমপি এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।