আসিয়ান কাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের, যোগ দেননি মিতুল মারমা

ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডাক পাওয়া ২৮ জন ফুটবলারের মধ্যে ২৭ জন টিম ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন। 

পারিবারিক সমস্যার কারণে এখন দলের সঙ্গে যোগ দেননি গোলরক্ষক মিতুল মারমা। কয়েকদিন পর ক্যাম্পে যোগ দেবেন তিনি। 

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘মিতুলের স্ত্রী অসুস্থ। পরিবারের পাশে থাকতে তিনি সময় চেয়েছেন। কোচও তাতে সায় দিয়েছেন। পরিবারের সংকট কাটিয়ে মিতুল ক্যাম্পে ফিরবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লিগ এখনো শুরু হয়নি। দলবদল প্রক্রিয়া চলছে, যা ৩ তারিখ পর্যন্ত চলবে। ক্লাবগুলো এখনো প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করতে পারেনি। তাই কোচের সঙ্গে আলোচনা করে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আগেভাগেই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী খেলোয়াড়দের ডাকা হয়েছে এবং আগামীকাল (শুক্রবার) থেকে পুরোদমে অনুশীলন শুরু হবে।’

হস্পতিবার (২৭ আগস্ট) বিকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন করার কথা থাকলেও হয়নি। কোচিং স্টাফ কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। শুক্রবার (২৮ আগস্ট) থেকে পুরোদমে প্র্যাকটিস হওয়ার কথা। ইন্দোনেশিয়া যাওয়ার আগে কয়েকদিন জাতীয় স্টেডিয়ামেও হতে পারে অনুশীলন।