বিশ্বকাপে খেলা তিনটি দেশের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত। এর মধ্যে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। পানামার বিপক্ষে ম্যাচটি হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ম্যাচগুলোর সূচি নিশ্চিত করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর পানামার বিপক্ষে বেঙ্গালুরুতে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে তারা। তিন দিন পর, ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত।
এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, একই ফিফা উইন্ডোতে বিশ্বকাপ খেলা তিন দেশ-পানামা, ব্রাজিল ও উরুগুয়ে-ভারত সফরে আসায় ভারতীয় ফুটবলপ্রেমীরা আন্তর্জাতিক ফুটবলের এক অভূতপূর্ব আয়োজনের সাক্ষী হতে যাচ্ছেন।
বিশ্বকাপে খেলা এই তিন দলের মধ্যে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিই ভারতের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হওয়ার কথা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি অবশ্য আলাদা আগ্রহ তৈরি করতে পারে। বিশ্বকাপের পর দেশটির কোচের দায়িত্ব নিয়েছেন ডিয়েগো ফোরলান। সাবেক এই উরুগুইয়ান তারকা ভারতের ফুটবলপ্রেমীদের কাছেও পরিচিত। আইএসএলে মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছেন তিনি। কলকাতায় তার জনপ্রিয়তাও কম নয়।