১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রামে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা সেলিম হোসেনকে (৩৫)গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, এক সন্তানসহ ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে নিজ বাড়িতে সংসার চালিয়ে আসছিলেন সেলিম। মা ও মেয়ে একসঙ্গেই তার বাড়িতে বসবাস করত এবং কিশোরী তাকে বাবা বলে ডাকত। বুধবার বিকেলে মেয়েটিকে তার মামার বাড়িতে বেড়াতে নিয়ে যান সেলিম। সেখানে খাওয়া-দাওয়ার পর বাড়ি ফেরার পথে মেয়েকে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত সৎবাবা। এরপর মেয়েটিকে সড়কে ফেলে পালিয়ে যান তিনি।

উপায়ন্তর না পেয়ে কিশোরী স্থানীয় এক জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। সেখানে থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পাটগ্রাম থানা-পুলিশ গিয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর বৃহস্পতিবার সকালে পাটগ্রাম থানা-পুলিশ ভুক্তভোগী কিশোরীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তার মা পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত সেলিম ইসলামকে পুলিশ অভিযান চালিয়ে জগতবেড় ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।