সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ইন্টারপোলে শেখ হাসিনার নামে রেড নোটিশ জারির জন্য আবেদন করা হয়েছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। তিনি জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে। এর অংশ হিসেবে গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে এবং ২৭ মে অপর হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া ইন্টারপোলের রেড নোটিশে থাকা পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয় বলে আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে তথ্য পাওয়া যায়। তাকে দেশে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতির আওতায় আমিরাত সরকার সহযোগিতার নিশ্চয়তা চেয়েছে এবং ৪ আগস্ট প্রয়োজনীয় নথিপত্র পাঠানোসহ আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে।

এছাড়া মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক মোল্লা নজরুল ইসলামকে সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে অন্যান্য পলাতক অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।