যেকোনো শর্তে তৌফিক-ই-ইলাহীর জামিন চাইলেন তার আইনজীবী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্বের যুক্তিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর যেকোনো শর্তে জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী মোস্তাফিজুর রহমান খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর কাছে এ জামিন আবেদন করা হয়।

জামিন শুনানিতে আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, তার মক্কেল ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে দীর্ঘ প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রয়েছেন, অথচ এখনো তদন্ত সংস্থা কোনো প্রতিবেদন দাখিল করা হয়নি। আইনের বিধান উল্লেখ করে তিনি যুক্তি দেন, নির্ধারিত এক বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এ সময়ের মধ্যে যৌক্তিক কারণে তদন্ত শেষ না করা গেলে আরও ছয় মাস সময় বৃদ্ধি করা যাবে। তারপরও প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে জামিন দেওয়ার সুযোগ রয়েছে।

যেকোনো শর্তে তৌফিক-ই-ইলাহীর জামিন দেওয়ার আবেদন জানিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আদালত। তার বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং গণমাধ্যমে কথা বলতেও পারবেন না। একই ধরনের বা আদালত নির্ধারিত যেকোনো শর্তে তৌফিক-ই-ইলাহীকে জামিন দিতে পারেন ট্রাইব্যুনাল।

শুনানিতে তৌফিক–ই–ইলাহীর আইনজীবী মোস্তাফিজুর রহমান আরও বলেন, যেসব আসামির বয়স ৮০ বছরের ওপরে, তদন্ত করতেও সময় নিচ্ছে; সেসব আসামিকে শর্ত সাপেক্ষে জামিন দিতে পারেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে তৌফিক-ই-ইলাহীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে তৌফিক-ই-ইলাহী নিজেও বক্তব্য দেন। তিনি বলেন, এর আগের জামিন শুনানিতেও প্রসিকিউশন এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা বলেছিল। এখন আবার নতুন করে সময় চাওয়া হয়েছে। তিনি আর সময় না দিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য ট্রাইব্যুনালের প্রতি আহ্বান জানান।

পরে উভয় পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ আগামী ১৭ সেপ্টেম্বর তৌফিক-ই-ইলাহীর পরবর্তী জামিন শুনানির দিন ধার্য করেন।