যৌন কেলেঙ্কারি: ৯৮ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী পেলেন ৫ কোটি

হলিউড অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির মামলা এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন অভিনেত্রী ব্লেক লাইভলি। তবে আদালতের রায়ে দাবিকৃত অর্থের তুলনায় অনেক কম অর্থ পেয়েছেন এই অভিনেত্রী। বালডোনির বিরুদ্ধে করা মামলায় আইনি খরচ বাবদ ব্লেক লাইভলিকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা (প্রায় ৪ লাখ ৭ হাজার ডলার) দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

গত বুধবার বিচারক লুইস লিমান ব্লেক লাইভলির পক্ষে ৩ লাখ ৬৩ হাজার ডলার আইনি খরচ এবং ৪৪ হাজার ডলার আদালত-সংক্রান্ত খরচ অনুমোদন করেন। সব মিলিয়ে এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৪ লাখ ৭ হাজার ডলারে। অথচ ব্লেক লাইভলি আদালতের কাছে আইনি ও আদালত-সংক্রান্ত খরচ বাবদ সব মিলিয়ে প্রায় ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৯৮ কোটি ৬২ লাখ টাকা দাবি করেছিলেন।

বিচারক রায়ে জানান, মামলার গুরুত্ব ও জটিলতা বিবেচনায় আইনজীবীদের নির্ধারিত পারিশ্রমিক অযৌক্তিক না হলেও, যে পরিমাণ সময়ের জন্য আইনি খরচ ফেরত চাওয়া হয়েছিল তা ছিল ‘অযৌক্তিক’। অন্যদিকে বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান এই রায়কে নিজেদের জন্য ‘উল্লেখযোগ্য বিজয়’ বলে অভিহিত করে জানান, ব্লেক তার দাবির মাত্র ৫ শতাংশের মতো পেয়েছেন। তবে ব্লেকের আইনজীবীদের দাবি, এই লড়াই অর্থের জন্য নয়, বরং জবাবদিহি নিশ্চিত করার জন্যই ছিল।

‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাকে কেন্দ্র করে ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির এই আইনি দ্বন্দ্ব প্রায় দেড় বছর ধরে চলেছিল। ২০২৪ সালের ডিসেম্বরে ব্লেক লাইভলি অভিযোগ করেন যে, শুটিং সেটে যৌন হয়রানির অভিযোগ তোলার পর বালডোনি ও তার প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনলাইন প্রচারণা চালিয়েছিল। এর জবাবে বালডোনি পাল্টা মানহানির মামলা করে অভিযোগ করেন যে, ব্লেক ও তার স্বামী রায়ান রেনল্ডস মিথ্যা অভিযোগ তুলে সিনেমার সৃজনশীল নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছেন। চলতি বছরের মে মাসে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেডারেল আদালতের বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে গেলেও আইনি খরচ আদায় নিয়ে শুনানি চলছিল।