আলভারেজের দলবদল এখন ‘ইগোর লড়াই’

গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোর শেষ মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে ঘিরে অ্যাতলেতিকো মাদ্রিদে নতুন নাটকীয়তার সৃষ্টি হয়েছে। দলবদল নিয়ে তৈরি হওয়া মানসিক চাপ ও অনিশ্চয়তার সরাসরি প্রভাব পড়েছে লা আরানহা খ্যাত এই তারকা খেলোয়াড়ের স্বাস্থ্যের ওপর। শারীরিক অসুস্থতা ও পেটের পীড়ায় ভুগে টানা দ্বিতীয় দিনের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অনুপস্থিত রয়েছেন তিনি। 

গত রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে কয়েক মিনিট মাঠে নেমে নিজের ঘরের সমর্থকদের ভুয়া ধ্বনির মুখে পড়েছিলেন আলভারেজ। এরপর ক্লাবের নির্ধারিত দুই দিনের ছুটি শেষে বুধবার এবং বৃহস্পতিবার দলের অনুশীলনে তার উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি মাঠে নামতে পারেননি।

এই জটিল পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। গানারদের ম্যানেজার মিকেল আরতেতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরাসরি আলভারেজকে জরুরি একটি ফোন করেন। 

তবে স্প্যানিশ জনপ্রিয় টিভি অনুষ্ঠান 'এল চিরিংগিতো'-তে সাংবাদিক জোসেপ পেদ্রেরোল প্রকাশ করেছেন যে আলভারেজ আরতেতার সেই ফোন রিসিভ করেননি। কারণ এই আর্জেন্টাইন তারকা পুনরায় প্রিমিয়ার লিগে ফিরতে একদমই রাজি নন। অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ চায় তিনি প্রিমিয়ার লিগেই পাড়ি দিক।