সৌদি, তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান

সৌদি ও তুরস্কের সঙ্গে ‘মক্কা প্যাক্ট’ করার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ চুক্তি স্বাক্ষর করা হয়।

প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের জন্য বৃহস্পতিবার কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ ইসলামাবাদ আসেন। সেখানে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন তিনি।

কুয়েতের সামরিক বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে দু’দেশের সহযোগিতার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করা।

পাকিস্তান এবং কুয়েত- উভয় দেশই যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালিত করেছে ইরান। ইরানের এসব হামলায় উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত।

অন্যদিকে এ যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যেস্থতাকারীর ভূমিকায় আছে পাকিস্তান।

উল্লেখ্য, এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব এবং তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোটের সদস্য হয়েছে পাকিস্তান। সৌদির মক্কায় এ জোটের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে সংবাদমাধ্যমে এটি পরিচিতি পায় ‘মক্কা জোট’ নামে। সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পরমাণু অস্ত্র মক্কা জোটের প্রধান শক্তি।

মক্কা জোটের সদস্য হওয়ার দু’সপ্তাহের মধ্যেই কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান।

সূত্র: দ্য ন্যাশনাল