মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে একটি সেচ পাম্পের ঘর থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কালাবাগা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে কিশোরীকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহটি একটি সেচ পাম্পের ঘরে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যার ধরন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক কৃষক রোপা আমন ক্ষেতে পানি দেওয়ার জন্য আব্দুল হান্নানের সেচ পাম্পের ঘরে যান। সেখানে তিনি একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।