পুলিশের ধাওয়ায় পুকুরে পড়ল ভারতীয় গাঁজাভর্তি মাইক্রোবাস

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে একটি কালো রঙের মাইক্রোবাস। এ সময় মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। পরে পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে। এ সময় পুকুরে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর কসবা থানার এসআই শামিমের নেতৃত্বে পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নেয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয়া হয়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে।

উদ্ধারকৃত ৯ বস্তা গাঁজা। ছবি: সংগৃহীত

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। মাইক্রোবাসটির নাম্বার (ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০)। পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলে। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসটির চালক এবং পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেয়া হলেও চালক নির্দেশনা উপেক্ষা করে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে মাইক্রোবাস ও এতে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে।