পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় খোলা লিফট (দরজাবিহীন লিফট) থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের দিকে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিকিমথ কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিকিমথ কোম্পানির একটি ভবনে খোলা লিফটে দাঁড়িয়ে কাজ করছিলেন উজ্জ্বল খন্দকার। এ সময় অসাবধানতাবশত তিনি প্রায় ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রকল্পের অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল খন্দকারের মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সম্পর্কে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।