নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় বন্যা ও ভূমিধসে ৯৩ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রস।
শুক্রবার (২৮ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশনের (আইএফআরসি) নেপালবিষয়ক প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার বলেন, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অন্তত ৯৩ হাজার মানুষের জরুরি ও ব্যাপক সহায়তা প্রয়োজন।
তিনি বলেন, নতুন করে আরও একটি বন্যার আশঙ্কায় তারা গভীরভাবে উদ্বিগ্ন।
জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক সংস্থার প্রধান কমল কিশোরও পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছেন, দুর্যোগের প্রভাব এখনো শেষ হয়নি। বরং বিভিন্ন এলাকায় নতুন করে বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
একই সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারভিচ জানান, ভূমিধসে সংস্থাটির ছয়টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আটজন স্বাস্থ্যকর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, বড় ধরনের দুর্যোগের পর মানুষ বাস্তুচ্যুত হওয়া, আশ্রয়কেন্দ্রে অতিরিক্ত ভিড় এবং পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।