নেপালের সীমান্তবর্তী এলাকায় গত বুধবার স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় সাড়ে প্রায় পাঁচশ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ আছেন। যারা নিখোঁজ তাদের উদ্ধারে চলছে আপ্রাণ চেষ্টা।
একদিকে যখন উদ্ধার অভিযান চলছে। আরেকদিকে তখন কিছু লোক জড়িত হয়েছেন লুটপাটে। এরমধ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যাচ্ছে, আকস্মিক বন্যায় নিহত এক নারীর মরদেহ কাদা, কাঠ এবং অন্যান্য ময়লার স্তূপে ডুবে আছে। এ সময় দুজন ব্যক্তি বাঁশ ব্যবহার করে মরদেহটির কাছে যান। এরমধ্যে একজন নারীর মরদেহটি তোলেন এবং তার কানের দুল ধরে টানাটানি করেন।
এ ঘটনা ভাইরাল হওয়ার পর জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। নেপাল পুলিশ এক ভিডিওত বলেছে, মৃত নারীর কানের দুল চুরির কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ভয়াবহ ওই বন্যার পর নারীর মরদেহটি ভাসতে ভাসতে নারায়ণী নদীর ভাটি বা নিচু অঞ্চলে আসে।
ভাইরাল ভিডিও থেকে পুলিশ মদন গুরঙ্গ ও উমেশ চৌধুরী নামে ওই দুজনকে শনাক্ত করে।
নেপালি সংবাদমাধ্যম খবরহাব জানিয়েছে, ওই দুজনকে ভরতপুর মেট্রোপলিটন সিটি-১ এর পোখরা বাস পার্ক থেকে গ্রেপ্তার করে।
পুলিশ বলেছে, এমন সময়ে লুটপাট ও মরদেহের কোনো ধরনের অসম্মান বরদাস্ত করা হবে না।