স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর দিতে পারেন না তখন শাহবাগ-পল্টন নিয়ে আসেন: সারজিস

স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হলে শাহবাগ ও পল্টনের প্রসঙ্গ টেনে আনেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। 

তিনি বলেন, ‘রংপুরের একই পরিবারের চার জনকে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি একজন শিক্ষক ছিলেন। তার অসংখ্য শিক্ষার্থী ছিল, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অথচ আমরা দেখছি, খুনিদের ধরার জন্য বিশেষ অভিযানের দেখা পাই না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা দেখা পাই না। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে প্রশ্ন করা হলেও যে প্রশ্ন করে- তাকেই তুচ্ছ তাচ্ছিল্য করেন। যখন তিনি এসবের উত্তর দিতে পারেন না তখন তিনি শাহবাগ বা পল্টনের কথা নিয়ে আসেন।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এনসিপি সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায়। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তাছাড়া বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রমের ওপর আমরা তথ্য প্রকাশ করেছি। সুতরাং দেশে কোনও পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই না, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক রাজনীতি করতে চায় এনসিপি।’

সারজিস আলম বলেন, ‘দেশে হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না করা গেলে কখনও আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না। বিএনপি আমাদের সমালোচনা গ্রহণ করতে পারছে না। তারাও ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে  যাচ্ছে। এটি দেশের জন্য ক্ষতিকর।’